মাদ্রাসাছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা যুবক গ্রেপ্তার
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবক পেশায় অটোরিকশার চালক। ওই যুবক এক সন্তানের জনক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে মাদ্রাসা ছুটির পর ওই ছাত্রী তার এক বান্ধবীসহ হেঁটে বাড়ি যাচ্ছিল। পথে অটোরিকশার এক চালক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে অটোরিকশায় তুলে নেয়। কিছু দূর যাওয়ার পর চালক তার সহকারীকে গাড়ি চালাতে দিয়ে নিজে ওই ছাত্রীর পাশে গিয়ে বসেন। একপর্যায়ে তিনি ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা চালান। এ সময় ওই ছাত্রী অটোরিকশা থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। এতে সে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জেলা পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নিতে বলেন।
পুলিশ জানায়, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে।
সোনাগাজী থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।