ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ভাঙচুর, আগুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে কথা কাটাকাটির জের ধরে বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষে এক সহপাঠীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার দিনভর তাণ্ডব চালিয়েছে মাদ্রাসার ছাত্ররা। তাঁরা সড়ক ও রেলপথ অবরোধ, পুলিশের গাড়িতে আগুন, রেললাইন তুলে ফেলাসহ বিভিন্ন জায়গায় হামলা চালায়। এমনকি আগামীকাল বুধবার হরতালও ডেকেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাশাপাশি শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র, ব্যবসায়ী, ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহত হয়ে মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমান (২০) গতকাল দিবাগত রাতে মারা যান। মাসুদুরের মৃত্যুর খবর আজ সকালে ছড়িয়ে পড়লে তাঁর মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
মাসুদুর শহরের কান্দিপাড়া এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন। থাকতেন শহরের ভাদুঘর এলাকায়। তাঁর বাবার নাম ইলিয়াছ মিয়া। বাড়ি নবীনগর এলাকায়।
অবরোধ: মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা আজ সকালে শহরের টিএ রোড, কালীবাড়ি মোড়, মঠের গোড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অবস্থান নেয়। তারা সকাল সাড়ে আটটার দিকে মঠের গোড়া এলাকায় টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে। ছাত্রদের অবস্থানের কারণে সংশ্লিষ্ট সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ থাকে দোকানপাট।
বিজিবি মোতায়েন: উদ্ভূত পরিস্থিতিতে সকাল থেকে শহরে পুলিশ ও র্যাবের সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। শহরে মোতায়েন করা হয় বিজিবি।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম সকালে বলেন, শহরের শান্তি ও শৃঙ্খলা ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
হরতাল: ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ও দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া কাল বুধবার সারা দেশে হরতাল ডেকেছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা। মাদ্রাসার সহকারী শিক্ষাসচিব আবদুর রহিম কাসেমী আজ এই কর্মসূচি ঘোষণা করেন। আজ দিবাগত রাত ১২টার মধ্যে দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা।
রেলে হামলা: মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্ররা আজ সকালে শহরের রেলগেট এলাকায় রেললাইনের স্লিপার খুলে ফেলেন। তাঁরা রেললাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। গাছের গুঁড়িতে আগুনও ধরিয়ে দেয়। এতে সকাল ১০টা থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি ট্রেন।
বেলা পৌনে একটার দিকে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা চালায়। তারা স্টেশনের বিভিন্ন জিনিস তছনছ করেন।
অন্যান্য হামলা: বিক্ষুব্ধ ছাত্ররা শহরের হালদারপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়েছেন। এ ছাড়া পুরাতন জেল রোড এলাকার সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গন, পুরাতন কাছারি পুকুর এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর ও জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হক ভূঁইয়ার বাড়িতে হামলা হয়েছে।
পুলিশের গাড়িতে আগুন: বিকেল চারটার দিকে টিএ রোড এলাকায় ক্ষুব্ধ ছাত্ররা টহলরত পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর মাদ্রাসা ছাত্ররা ওই এলাকার শাহী বেকারি ও আশিক প্লাজার সামনে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে।
বেলা একটার দিকে শহরের টিএ রোড এলাকায় মাদ্রাসার ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সাংবাদিক আহত: পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ছবি তুলতে গেলে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি মাসুক হৃদয়ের ওপর এক র্যাব সদস্য হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মাসুক গুরুতর আহত হন। পরে অন্য সাংবাদিকেরা তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
বিচারের আশ্বাস: বেলা দুইটার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামসুল হক, বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম, র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার হায়াতুল ইসলাম খান, ডেপুটি নেজারত কালেক্টর বি এম রুহুল আমীন শহরের কান্দিপাড়া এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কার্যালয়ে যান। সেখানে তাঁরা মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলেন। ছাত্ররা এ সময় সহপাঠীর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং জেলা আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হক ভূইয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ বিল্লালকে গ্রেপ্তারের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেওয়া হয়।
ঘটনার সূত্রপাত: প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের জেলা পরিষদ মার্কেট এলাকায় ইজিবাইকের একজন বয়স্ক চালকের সঙ্গে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার এক ছাত্রের বাগবিতণ্ডা হয়। মার্কেটের বিজয় টেলিকমের মালিক রনি আহমেদ বিষয়টি সমাধান করতে আসেন। এ সময় ওই ছাত্রের সঙ্গে রনির কথা-কাটাকাটি হয়। ঘটনার জের ধরে মাদ্রাসার একদল ছাত্র সন্ধ্যা সাতটার দিকে মার্কেটে এসে হামলা চালায়। তারা বিজয় টেলিকমসহ একাধিক দোকান ভাঙচুর করে। হামলায় ব্যবসায়ী রনি গুরুতর আহত হন। এরপর ব্যবসায়ীরা একজোট হয়ে মাদ্রাসার ছাত্রদের ধাওয়া দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে ব্যবসায়ীদের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। ব্যবসায়ী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাদ্রাসায় হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অন্তত তিন ঘণ্টা ধরে বিভিন্ন পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলে। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা শতাধিক রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে পুলিশের অন্তত ১০ জন সদস্য আহত হন।
ছাত্রের মৃত্যু: ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মাইনুল হক আজ সকালে প্রথম আলোকে বলেন, দিবাগত রাত পৌনে তিনটার দিকে মাসুদুরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁর বুকে ও কোমরের নিচে আঘাতের চিহ্ন ছিল।
মাইনুল হক বলেন, গতকাল সংঘর্ষে ওই ছাত্র আহত হন বলে মাদ্রাসার অন্য ছাত্রদের ভাষ্য। তারা জানান, মাসুদুরকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে হাসপাতালে আনা হয়।
পুলিশের বক্তব্য: ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ সকালে প্রথম আলোকে বলেন, একজন ছাত্র মারা গেছেন বলে শুনেছি। তবে ঠিক কী কারণে মারা গেছেন, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে এখনো আটক করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে।
মাসুদুরের জানাজা: বিকেলে জেলা ঈদগাহ ময়দানে মাসুদুরের জানাজা অনুষ্ঠিত হয়।