মাদ্রাসায় ক্লাস বন্ধ রেখে আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের একটি মাদ্রাসায় ক্লাস বন্ধ রেখে গতকাল শনিবার ওই ইউনিয়ন আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের আয়োজকেরা মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি নেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ, রাঙামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন গতকাল দুপুরে ইউনিয়নের হরিপুর দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের নেতা-কর্মীরা জড়ো হন।
মাদ্রাসায় সম্মেলন আয়োজনের বিষয়ে দলের পক্ষ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষ বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার অনেকে। নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, এর আগেও দুবার সম্মেলনের কথা বলে মাদ্রাসায় পাঠদান বন্ধ রাখা হয়। কিন্তু দলীয় কোন্দলের কারণে তখন সম্মেলন না হলেও মাদ্রাসায় বন্ধ ছিল পাঠদান।
মাদ্রাসার সুপার আবদুর রউফ বলেন, ‘আমাদের না জানিয়ে তাঁরা (নেতারা) স্থানীয়ভাবে সম্মেলনের বিষয়টি প্রচার করায় এবং শিক্ষার্থীর উপস্থিতি খুব কম থাকায় শুধু হাজিরা নিয়ে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।’
রাঙামাটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলী বলেন, ‘আমরা মাদ্রাসা সুপারের মৌখিক অনুমতি নিয়েছি।’ তিনি আরও বলেন, আগের দুবার সম্মেলন অনুষ্ঠিত না হওয়ায় মাদ্রাসায় পাঠদান চলেছে।
ফুলবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’