মাদ্রাসার অধ্যক্ষ, জামায়াতের ২ রোকনসহ গ্রেপ্তার ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে মাদ্রাসার অধ্যক্ষ, মহিলা জামায়াতের দুজন রোকনসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার আটটি উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা ও আমতলা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মোমতাসিন বিল্লাহ, তাঁর স্ত্রী রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামায়াতের রোকন মোসলেমা খাতুন, একই গ্রামের জামায়াতের রোকন আয়শা খাতুনসহ ১৩ জন রয়েছেন। এ ছাড়া কলারোয়া ও তালায় তিনজন করে, কালীগঞ্জ, শ্যামনগর ও দেবহাটায় একজন করে, আশাশুনিতে চারজন ও পাটকেলঘাটা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, মোমতাসিন বিল্লাহ, মোসলেমা খাতুন ও আয়শা খাতুনের নামে নাশকতার অভিযোগে মামলা থাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।