মাদ্রাসার ছাত্রী অপহরণ, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হাজিপুর গ্রামের রফিকুল ইসলাম (১৮) ও দুদু মিয়া (৩৫)।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বিরুল হক বলেন, বৃহস্পতিবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে রবিউল ইসলামকে প্রধান করে চারজনের নামে থানায় মামলা করেন। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল বিকেলে রফিকুল ইসলাম ও দুদু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
ওই ছাত্রীর পরিবার ও মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, মেয়েটি এলাকার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। ২০ দিন আগে তারাগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মৃত করিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম মেয়েটিকে বিয়ের জন্য প্রস্তাব পাঠান। কিন্তু এতে মেয়েটি ও তাঁর পরিবার রাজি না হওয়ায় রবিউল খেপে যান। ১৫ নভেম্বর বিকেল সাড়ে চারটায় মেয়েটি মাদ্রাসা থেকে হেঁটে বাড়ি ফিরছিল। পথে ইকরচালী-দোহাজাড়ী রাস্তার মাটিরদোলা এলাকায় রবিউলসহ কয়েকজন তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যান।
মেয়ের বাবা বলেন, ‘মেয়েটিক খুঁজবার জন্যে রবিউলের বাড়ি তিন-চার বার গেছনু। রবিউলের ভাইদের মেয়েটি ফিরি দিবার অনুরোধও করছুং, কিন্তু ওমরা মোর কান্দোন শোনে নাই। মেয়েটি কোনটে থুইছে তাকো কয় নাই।’
রবিউলের ভাই বদিয়ার রহমান বলেন, ‘ওই মেয়েটার সঙ্গে মোর ভাইয়ের প্রেম আছলো। ওমরা বিয়া কইরবার জন্যে দুই জনে বাড়ি থাকি পালে গেইছে। হয়রান কইরার জন্যে হামার নামে মামলা দেছে।’