মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসার বাথরুম থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সুমাইয়া আক্তার (১১) নামের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
লালবাগ থানার পুলিশ জানায়, লালবাগের আমলিগোলা বালুর মাঠসংলগ্ন মিষ্টি গলিতে ছয়তলা ওই মাদ্রাসা ভবন। ছয়তলার বাথরুমের কাপড় রাখার রডের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার লাশ উদ্ধার করা হয়। এ সময় তার হাঁটু মেঝের সঙ্গে লাগানো ছিল। তার বাবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী মোবারক আলী ও মা পেয়ারা বেগম। তাঁদের বাসা এলিফ্যান্ট রোডে ডিএমসি সরকারি স্টাফ কোয়ার্টারে।
সুমাইয়ার মা জানান, গত ৫ আগস্ট সুমাইয়াকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছিল। ছুটিতে গত বৃহস্পতিবার বাসায় এসে শনিবার সে মাদ্রাসায় ফেরে। তাঁর অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
জানতে চাইলে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, ‘আমরা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’