ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তাহ্ফিজুল কোরআন নুরানী হাফেজী মাদ্রাসার রান্নাঘর থেকে গতকাল সোমবার সকালে আবু রায়হান রানা (১০) নামে এক ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসা-বাদের জন্য মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবিদুর রহমানসহ ছয়জন শিক্ষক ও তিন কর্মচারীকে আটক করা হয়েছে।
কুমিল্লার মেঘনা থানার রামপুর গ্রামের দরজিশ্রমিক মো. মুরাদের ছেলে রায়হান। মো. মুরাদ তাঁর পরিবার নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের কৈবর্ত্য পাড়ায় কামাল মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
রায়হানের পরিবার সূত্রে জানা গেছে, তাহ্ফিজুল কোরআন নুরানী হাফেজী মাদ্রাসার হেফজখানার ‘খ’ শাখার ছাত্র ছিল রায়হান। একই মাদ্রাসায় তার বড় ভাই রেজওয়ান আহমেদ রনি পড়াশোনা করে। সে হেফজখানার ‘ক’ শাখার ছাত্র।
রেজওয়ান জানায়, তারা দুই ভাই মাদ্রাসায় একসঙ্গেই ঘুমাত। রোববার রাতেও তারা একসঙ্গে ঘুমায়। রাতে রায়হান টয়লেটে যায়। কিন্তু সে আর ফিরে এসেছে কি না, তা ঘুমের ঘোরে তার (রেজওয়ান) মনে ছিল না। পরে সকালে ঘুম থেকে জেগে রায়হানের লাশ পাওয়ার কথা শুনতে পায় সে।
মাদ্রাসার কয়েকজন ছাত্রের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল ভোর চারটার দিকে হেফজখানার ‘ক’ শাখার ছাত্র আবদুল আউয়াল অজু করার পানি আনতে রান্না ঘরে যায়। এ সসয় সে রান্নাঘরে রায়হানের গলাকাটা লাশ দেখতে পায়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ জেলা পরিষদ মার্কেটের তৃতীয় ও চতুর্থ তলায় অবস্থিত এ মাদ্রাসায় দুই শতাধিক ছাত্র পড়াশোনা করে। রায়হানের লাশ উদ্ধারের খবর শুনে গতকাল অনেক ছাত্রের অভিভাবক মাদ্রাসায় ছুটে আসেন। পরে পুলিশ প্রশাসন মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করে অভিভাবকদের কাছে তাঁদের সন্তানদের বুঝিয়ে দেয়।