মাদ্রাসার শহীদ মিনারটি ভেঙে দিল দুর্বৃত্তরা
নাটোরের গুরুদাসপুর উপজেলার ঝাউপাড়া দাখিল মাদ্রাসায় ৪০ বছর যাবৎ কোনো শহীদ মিনার ছিল না। এবারই প্রথম ওই মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কলাগাছ দিয়ে বানিয়েছিল শহীদ মিনার। একুশের প্রভাতফেরিতে সেখানে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল ওই প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্রছাত্রীদের। কিন্তু ভোরে দেখা যায়, রাতেই কে বা কারা ভেঙে দিয়েছে ওই শহীদ মিনারটি।
শহীদ মিনারটি তৈরির সঙ্গে জড়িত শিক্ষার্থীদের মধ্যে দুজন ইসমাইল হোসেন ও মাহমুদ হোসেন বলে, কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে গভীর রাতে বাড়ি যায় তারা। ভোরে এসে দেখে শহীদ মিনারটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন (৬০) ও সাবেক ইউপি সদস্য আলতাব হোসেন (৫০) জানান, এলাকাটিতে স্বাধীনতার বিপক্ষের মানুষের বাস বেশি। তাদেরই একটা চক্র ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দাবি করেন তাঁরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, শহীদ মিনার নির্মাণের জন্য দুই মাস আগেই সুপার আফসার আলীকে বলা হয়েছিল। তিনি নির্দেশ পালন করেননি। কলাগাছের শহীদ মিনার ভাঙার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।