মাদ্রাসার শিক্ষক ও ছেলে গাঁজাসহ গ্রেপ্তার
বগুড়ার ধুনট এইচ আর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শফিকুল ইসলাম (৫০) ও তাঁর ছেলে মঈনুল ইসলামকে (২২) তিন কেজি গাঁজাসহ গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শফিকুল ও মঈনুলের বিরুদ্ধে মামলা করেছে।
শফিকুলের বাড়ি ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল ও মঈনুল এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করছিলেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে বাড়ি থেকে শফিকুল ও মঈনুলকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে গোয়ালঘর থেকে একটি সাদা জিও ব্যাগে রাখা তিন কেজি গাঁজা ও একটি দাঁড়িপাল্লা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
দুই মাস আগেও গাঁজাসহ মঈনুলকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়। দুই দিন আগে মঈনুল জামিনে মুক্তি পান।