মাদ্রাসার শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে মাদ্রাসা সুপারে বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীকে মারধর করে মাদ্রাসায় আটকে রাখা হয়। পরে সন্ধ্যায় ওই শিক্ষার্থী পালিয়ে বাড়ি ফেরার পর রাতেই পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা সদরের মিফতাহুল কওমি হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষার্থীর পরিবারের লোকজন জানান, উপজেলা সদরের জয়পুরপাড়া মহল্লার জাহাঙ্গীর আলমের ছেলে বিপ্লব আলম (১২) ওই মাদ্রাসার হাফেজ শিক্ষায় কোরআন শরিফ পড়ত। কয়েক দিন বিপ্লব মাদ্রাসায় না যাওয়ায় গত মঙ্গলবার সকালে তার বাবা তাকে মাদ্রাসায় রেখে আসেন। কিন্তু কয়েক দিন মাদ্রাসায় অনুপস্থিত থাকার অভিযোগে মাদ্রাসা সুপার আবদুল লতিফ বেত দিয়ে বিপ্লবের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে বিপ্লব অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে আটকে রাখা হয়। সন্ধ্যায় বিপ্লব পালিয়ে বাড়ি যায়। রাতেই বিপ্লবের পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

মাদ্রাসার সুপার (প্রধান হাফেজ) আবদুল লতিফ বলেন, ‘হাফেজি পড়াতে অনুপস্থিত থাকা যাবে না। কয়েক দিনের পড়া শুনতে চাইলে সে কোনো পড়া দিতে পারেনি। তাই সামান্য মারধর করা হয়েছে এবং চিকিৎসাও দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীর বাবা জাহাঙ্গীর আলম মুঠোফোনে বলেন, ‘ছেলেকে মাদ্রাসায় দিয়ে ট্রাক নিয়ে বাইরে আছি। ছেলেকে অতিরিক্ত মারধর করেছে বলে শুনেছি। বাড়ি গিয়ে পরিস্থিতি দেখে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দেব।’