মাদ্রাসার সামনে ভুয়া বোমা!

মাঝারি জর্দার কৌটার আকারের চারটি বস্তু লাল টেপ দিয়ে মোড়ানো। টেপের ভেতর থেকে দুটি বৈদ্যুতিক তার বের করা। বোমার মতো বস্তুগুলো দেখে আতঙ্কগ্রস্ত লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ এসে সেগুলোকে বালতিতে ভেজানোর পর তা আস্তে আস্তে গলে যায়। ভুয়া বোমা রাখার এ ঘটনা ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ঢুষরাইল গ্রামে।
আজ বুধবার সকালে গ্রামের আনোয়ারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার পেছনের ঝোপ থেকে বোমাসদৃশস চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে বিপাকে ফেলতে কেউ বোমাসদৃশ ওই বস্তু মাদ্রাসার পাশে রেখেছিল। বোমাসদৃশ বস্তুতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা বিল্লাল হোসেনের মুঠোফোন নম্বর সেঁটে দেওয়ায় এটা সাজানো ঘটনা বলে সন্দেহ হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বোমাসদৃশ বস্তু চারটিকে বিস্ফোরকদ্রব্য বলে মনে হয়নি। পানিতে ভিজিয়ে রাখার পর আস্তে আস্তে তা গলে যায়।
ওসি জানান, ঢুষরাইল গ্রামের বাসিন্দা মাওলানা বিল্লাল হোসেন মোল্লা ২০১০ সালে বাড়ির ৫০ গজের মতো দূরে ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ইটের দেয়াল ও টিনের চালের আধা পাকা চার কক্ষবিশিষ্ট মাদ্রাসায় ২৫ জন আবাসিক ছাত্র রয়েছে। মাওলানা বিল্লাল ও হাফেজ কুতুবউদ্দিন এ মাদ্রাসায় শিক্ষকতা করেন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি বলেন, কিছুদিন আগে মো. সাহাবুদ্দিন (১২) নামের মাদ্রাসার এক ছাত্রকে অন্যের গাছ থেকে আম পাড়ার অভিযোগে মারধর করেন মাওলানা বিল্লাল। সাহাবুদ্দিন ঢুষরাইল গ্রামের পাশে হরেকৃষ্ণপুর গ্রামের সৈয়দ শওকত আলীর ছেলে। মারধরের ঘটনায় মাওলানা বিল্লালের ওপর সাহাবুদ্দিনের বাবা ক্ষুব্ধ ছিলেন। ওই ঘটনার জের ধরে মাওলানা বিল্লালকে হয়রানি করতে কেউ বোমাসদৃশ ওই বস্তু রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। বোমাসদৃশ বস্তুতে তাঁর মুঠোফোন নম্বর সেঁটে দেওয়ায় এ ব্যাপারে সন্দেহ তৈরি হয়েছে। দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলে তিনি জানান।
অভিযোগ সম্পর্কে কথা বলার জন্য শাহাবুদ্দিনের বাবা সৈয়দ শওকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
মাওলানা বিল্লাল হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ‘ষড়যন্ত্র করে আমাকে হয়রানি করার জন্য এ ঘটনা সাজানো হয়েছে।’ তবে তিনি এ ঘটনার জন্য কাউকে দোষারোপ করেননি।