পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া নতুন হাট দাখিল মাদ্রাসার আট ছাত্রীকে বেধড়ক মারধরের দায়ে ওই মাদ্রাসার সুপারকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার ছাত্রীদের মারধর করলে ক্ষুব্ধ অভিভাবকসহ এলাকাবাসী তত্ত্বাবধায়ক মো. কলিমউদ্দিনকে অবরুদ্ধ করে। খবর পেয়ে পুলিশ তিন ঘণ্টা পর তত্ত্বাবধায়ককে উদ্ধার করে থানায় নেয়।
এলাকাবাসী ও অভিভাবকদের সূত্রে জানা গেছে, মারধরের শিকার ছাত্রীদের মধ্যে শ্রাবণী আক্তার (১৩) নামের এক কিশোরী শ্রেণিকক্ষেই সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে তোড়িয়া ডোহাপাড়া গ্রামের মমিরুল ইসলামের মেয়ে। মারধরের শিকার অন্য ছাত্রীরা হলো লাবণী, রুখসানা, সাথী, আর্নিকা, জনি, জেনি ও সেলিনা।
একই শ্রেণিতে অধ্যয়নরত শ্রাবণীর বোন লাবণী বলে, ‘ষষ্ঠ পিরিয়ডে যে স্যারের ক্লাস নেওয়ার কথা, তিনি মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন বান্ধবী কমনরুমে বসে গল্প করছিলাম। এই অপরাধে সুপার ছাত্রীদের শ্রেণিকক্ষে ডেকে এনে পেটানো শুরু করেন। এতে শ্রাবণী জ্ঞান হারিয়ে ফেলে।’ খবরটি ছড়িয়ে পড়লে অভিভাবকসহ এলাকাবাসী ওই সুপারকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে। তিন ঘন্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে।