মাদ্রাসার সুপারকে কুপিয়ে হত্যা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপারকে মাদ্রাসার কাছেই কুপিয়ে হত্যা করা হয়েছে। নিয়োগসংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তির নাম বাবুল আক্তার (৪৬)। তিনি খড়িতলা সিরাজপুর গ্রামের শেখ আনছার উদ্দীনের ছেলে। তিনি কয়েক বছর ধরে মাদ্রাসার পাশে রামজীবনপুর গ্রামে স্থায়ীভাবে বাস করছিলেন।
শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার কর্মচারী কালাম গাজীকে (৩৫) গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাবুল আক্তার বাড়ির উদ্দেশে রওনা দেন। মাদ্রাসা থেকে আনুমানিক ১০০ গজ যেতেই আগে থেকে ওত পেতে থাকা নূরনগর গ্রামের কালাম গাজী দা দিয়ে তাঁর গলা ও ঘাড়ে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মাদ্রাসার সহকারী সুপার আবদুল জব্বার ও সহকারী শিক্ষক লিয়াকত হোসেন বলেন, কালাম গাজীকে মাদ্রাসার দপ্তরি পদে চাকরি দেওয়ার পর বাবুল আক্তার তাঁর শ্যালককে একই প্রতিষ্ঠানের দপ্তরি হিসেবে নিয়োগ দেন। এরপর থেকে কালামকে নৈশপ্রহরীর দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়। কালাম এ দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে আসছিলেন। এ কারণে তিনি ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।