মাদ্রাসাশিক্ষককে আ.লীগ নেতার লোকজনের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় গতকাল রোববার আবদুর রউফ নামের এক মাদ্রাসা সুপারিনটেনডেন্টকে আওয়ামী লীগ নেতার লোকজন মারধর করেছেন। ওই নেতার পুত্রবধূকে চাকরি না দেওয়ায় এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া রহমানিয়া আলিম মাদ্রাসায় গত ২২ আগস্ট বোরান উদ্দীন ও ১২ সেপ্টেম্বর মিজানুর রহমানকে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সামছুল হক এ দুটি পদের যেকোনো একটিতে তাঁর পুত্রবধূকে নিয়োগ দেওয়ার দাবি করেন। কিন্তু সামছুলের পুত্রবধূর কোনো নিবন্ধন সনদ ছিল না। তাই মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাহফুজার রহমান ও মাদ্রাসা সুপার আবদুর রউফ আওয়ামী লীগ নেতার পুত্রবধূকে না নিয়ে ওই দুজনকে নিয়োগ দেন। এতে সামছুল ক্ষিপ্ত হন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বেলা ১১টার দিকে ওই নেতার ছেলে রাশেদ ও মানিকসহ ১০-১২ জনের একটি দল মাদ্রাসা সুপারকে তাঁর কক্ষ থেকে টেনে বের করে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এ সময় ভয়ে পাশের কক্ষ থেকে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার্থীরা পালিয়ে যায়। মাদ্রাসা সুপারকে উদ্ধার করতে এসে সহকারী শিক্ষক মোশারফ হোসেন, আবদুল হালিম, তৈবুর রহমানসহ শিক্ষক-কর্মচারীরাও হামলার শিকার হন।
এ ব্যাপারে সামছুল হক বলেন, মাদ্রাসা সুপারের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁকে মারধর করা হয়নি। তিনি আরও বলেন, ‘হামারী বাব দাদার জমির ওপর মাদ্রাসা কোরা হছে। কোট টেকা-পয়সা নেওয়া হয়নি। এখানে হামার বেটার বউকে চাকরি না দিয়ে মাদ্রাসার সভাপতি ও সুপার মিলে অনেক কয়টা নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা বাণিজ্য করছে।’
এ ব্যাপারে আবদুর রউফ বলেন, ‘শিক্ষক পদে নিয়োগের জন্য ওই আওয়ামী লীগ নেতার পুত্রবধূর কোনো নিবন্ধন সনদ ছিল না। নিববন্ধনের জন্য তাঁদের তিন মাসের সময়ও দেওয়া হয়। পরে অন্যদের নিয়োগ দেওয়া হয়। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন।’
ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। মাদ্রাসা সুপার ঘটনাটি লিখিতভাবে জানালে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’