মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় গত বুধবার রাতে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মৌসুমী বানুকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
মৌসুমীর বাবার বাড়ির লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, চার বছর আগে উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈদ্যনাথপুর পাতরাপাড়া গ্রামের মোকছেদ আলী মাস্টারের মেয়ে মৌসুমীর সঙ্গে হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া খাগড়াবন্দ পশ্চিমপাড়া গ্রামের রফিকুল ইসলামের বিয়ে হয়। রফিকুল বড়পুকুরিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। সম্প্রতি রফিকুল প্রথম স্ত্রীর অমতে দ্বিতীয় বিয়ে করেন। তিনি বুধবার স্ত্রী মৌসুমীকে নিয়ে তাঁর বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসেন। স্ত্রী পেটের ব্যথায় অস্থির হয়ে পড়লে রফিকুল স্থানীয় বাজার থেকে দুই পুরিয়া হোমিও ওষুধ নিয়ে এসে তাঁকে খাওয়ান। পরে তিনি স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে বাড়িতে ফিরে যান। ওই দিন রাতেই মৌসুমী মারা যান। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুলিশ মৌসুমীর বাবার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে।
তবে মোকছেদ আলী মাস্টার অভিযোগ করে বলেন, ‘হোমিও ওষুধের নাম করে রফিকুল আমার মেয়েকে কীটনাশক খাওয়ান। এ কারণে মেয়ের মৃত্যু হয়েছে। আমি এর বিচার চাই।’
পার্বতীপুর বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আহম্মেদ বলেন, এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৌসুমীর লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।