মাদ্রাসায় বখাটেদের হামলা শিক্ষকসহ আহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রী উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল বুধবার নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার ইউনিয়নের সমিতির বাজারে বায়তুস সাইফ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় হামলা চালিয়েছে বখাটেরা। এতে মাদ্রাসার তিন শিক্ষক ছাড়াও কমপক্ষে ২০ জন শিক্ষার্থী আহত হয়।
আহত দুই ছাত্র আলী আজগর (১৪) ও আবদুল জলিলকে (১৫) নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং আমেনা বেগম (১৪), আছমা বেগম (১৪), ইয়াসনূর আক্তার (১৬), আবদুর রহমান (১৬), জামশেদ হোসেন (১৬) ও আবদুল করিমকে (১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া তিন শিক্ষক এয়াকুব নবী, আবুল হাশেম ও আমজাদ হোসেনসহ আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত শিক্ষার্থী ও শিক্ষকেরা বলেন, কয়েক দিন আগে একই এলাকার এক ব্যক্তি বায়তুস সাইফ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার এক ছাত্রীকে মাদ্রাসায় আসার পথে উত্ত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও বাগ্বিতণ্ডা হয়।
সূত্র জানায়, এ নিয়ে বিরোধের জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ১০-১২ জন সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে মাদ্রাসায় হামলা চালায়। তারা এ সময় বিভিন্ন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের মারধর করে। এ সময় শিক্ষার্থীদের রক্ষা করতে যাওয়া শিক্ষকদের ওপরও হামলা চালানো হয়। হামলাকারীরা একই সময় মাদ্রাসার বিভিন্ন কক্ষের আসবাব ভাঙচুর করে। এ ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ কমপক্ষে ২৩ জন আহত হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছাত্রশিবিরের বখাটে কর্মী চাঁন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা মাদ্রাসায় হামলা-ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের মারধর এবং কুপিয়ে আহত করেছে।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। কিন্তু হামলাকারীদের কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, এ ঘটনায় মাদ্রাসার সুপার থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। অভিযোগ পেলে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।
পুলিশ জানায়, বখাটেরা যাতে আবার হামলা চালাতে না পারে, সে জন্য মাদ্রাসা ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।