মাদ্রাসায় বৈদ্যুতিক সামগ্রী তৈরির দায়ে জরিমানা
যশোর শহরের বকচর এলাকার জামিয়া কোরআনিয়া মাদ্রাসায় বৈদ্যুতিক সামগ্রী তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে যশোর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আনিসুর রহমানের নেতৃত্বে ওই মাদ্রাসায় অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ ও যশোর পুলিশের সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দুপুরে ভ্রাম্যমাণ আদালত ওই মাদ্রাসায় গিয়ে দেখেন, মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে বৈদ্যুতিক সামগ্রী (সুইচ, সকেট, হোল্ডার, দু-পিন ও থ্রি-পিন) তৈরি করা হচ্ছে। অনুমোদন ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে বৈদ্যুতিক সামগ্রী তৈরি করার অপরাধে প্রতিষ্ঠানটির প্রতিনিধি মনিরুল ইসলাম ও আবদুস শহিদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক আনিসুর রহমান বলেন, ‘ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে গোপনে বৈদ্যুতিক পণ্যসামগ্রী তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। যেখানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস এবং কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই। যে কারণে জরিমানা আদায় করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।’