মাদ্রাসায় শিশুর মৃত্যু, বাবার অভিযোগ হত্যা
রাজধানীর পল্লবীর একটি মাদ্রাসায় শিশুশিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি আত্মহত্যা করেছে। আর মারা যাওয়া শিশুর বাবার দাবি, তাকে হত্যা করা হয়েছে।
হাফিজুর রহমানের বয়স ৯ বছর। সে ২২ দিন আগে মিরপুর ১২ নম্বর সেকশনের মারকাজুল তারতীলীল হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয়। তার বাবা দুলাল মিয়া নিউমার্কেট এলাকার ফুটপাথে ব্যবসা করেন। চার বোন ও এক ভাইয়ের মধ্যে হাফিজুর তৃতীয়।
দুলাল মিয়া বলেন, গত রোববার শিশুটির মা খাবার নিয়ে তাকে দেখতে যান। কিন্তু শিক্ষকেরা বলেন, শিশুটি মায়ের সঙ্গে চলে আসতে কান্নাকাটি করতে পারে। তাই মা খাবার রেখেই চলে আসেন। এটুকু বলেই কান্নায় ভেঙে পড়ে দুলাল মিয়া বলেন, হাফিজের মা চলে আসার পর হয়তো শিক্ষকেরা মারধর করেন। এতে তার মৃত্যু হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, শিশুটি শৌচাগারে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মাদ্রাসাটির অধ্যক্ষ জোনাইদ বীন ইসাহাক দাবি করেছে।
পরে ছাত্ররা লাশ উদ্ধার করে তাঁর কক্ষে নিয়ে রাখে। হাফিজুরের বাবা হত্যার যে অভিযোগ করেছেন সেটিও খতিয়ে দেখা হচ্ছে
উল্লেখ করে ওসি বলেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বোঝা যাবে তাকে হত্যা করা হয়েছিল কি না।
এদিকে শিশুটির ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক সোহেল কবির বলেন, হাফিজুরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পাশাপাশি তার শরীর থেকে বিভিন্ন ধরনের কোষ (টিস্যু), ভিসেরা এবং রেকটাম সোয়াপ সংরক্ষণ করা হয়েছে।