আদালতের আদেশ অমান্য করে একটি প্রতিষ্ঠানকে জমির দখল পাইয়ে দেওয়ার অভিযোগে নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনীষা রায়ের আদালতে এ মামলা করেন আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি।
আদালত মামলাটি আমলে নিয়ে ১৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
অন্য আসামিরা হলেন স্থানীয় তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহা, ব্যবস্থাপনা পরিচালক লোটু সাহা, মাধবদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ ও ঠিকাদার দুলাল মিয়া।
আরজি সূত্রে জানা গেছে, বাদী আনোয়ার হোসেন পেশায় একজন রিকশাচালক। তিনি মাধবদী থানার কোতোয়ালিরচর দড়িকান্দি এলাকার বাসিন্দা। সেখানে তাঁর পৈতৃক ১৯ শতাংশ জমি স্থানীয় প্রভাবশালী লোটু সাহা ও চন্দন কুমার সাহা দখলের পাঁয়তারা করে আসছিলেন। এ ঘটনায় আনোয়ার প্রথমে মাধবদী পৌর মেয়রের কাছে লিখিত অভিযোগ দেন। এতে প্রতিকার না পেয়ে পরে তিনি নরসিংদীর অতিরিক্ত জেলা হাকিমের আদালতে মামলা করেন। আদালত ওই ভূমিতে ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করে মাধবদী থানার ওসিকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু ওসি ও কাউন্সিলর বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। আনোয়ার চাঁদা দিতে অস্বীকৃতি জানান। পরে লোটু সাহা ও চন্দন কুমার সাহার কাছ থেকে আর্থিকভাবে লাভবান হয়ে ওসি ৬ ফেব্রুয়ারি তাঁকে সেই জমি থেকে উচ্ছেদের হুমকি দেন। সরে না গেলে তাঁকে ক্রসফায়ারে দেওয়ার হুমকিও দেওয়া হয়। ওই দিনই ওসির উপস্থিতিতে লোটু সাহা, চন্দন কুমার সাহা, গৌতম ও দুলাল গিয়ে আনোয়ারকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন। এ সময় তাঁদের সঙ্গে আসা অজ্ঞাতনামা ৪০-৫০ জনের একটি দল তাঁর জমির সীমানা দেয়াল ভেঙে ফেলেন।
আনোয়ার হোসেন বলেন, ‘আমার ভূমির দখল প্রতিষ্ঠা করতে আমি আইনের আশ্রয় নিয়েছি। ওসি কাউন্সিলরসহ বেশ কিছু প্রভাবশালীর সঙ্গে আঁতাত করে আমার জায়গা অন্যকে পাইয়ে দেন।’
চেষ্টা করেও তিথি গ্রুপের চেয়ারম্যান চন্দন কুমার সাহার সঙ্গে যোগাযোগ করা যায়নি। ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গৌতম ঘোষ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযোগের বিষয় কিছুই জানেন না উল্লেখ করে ওসি মো. ইলিয়াছ বলেন, ‘আমি বাদী আনোয়ারকে চিনি না। আমার ধারণা, আনোয়ারকে আমার সামনে দাঁড় করানো হলে তিনি আমাকে চিনবেন না, আমিও তাঁকে চিনব না। এই মামলার পেছনে বিশেষ কোনো শ্রেণি-গোষ্ঠীর হাত থাকতে পারে।’