মাধবদীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে নরসিংদীর মাধবদীতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে মাধবদী থানার পৌলানপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার নগর বানিয়াদী গ্রামের মোহাম্মদ আলী (২২), আবুল কালাম (২৮), মাধবদী থানার চরমাধবদীর হারুনুর রশিদ (২০), সুজন মিয়া (১৯), শফিকুল ইসলাম (১৯) ও আমিনুল ইসলাম (২০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে ছয়জনের একটি দল হাতে খেলনা পিস্তল, ওয়াকিটকি নিয়ে পৌলানপুর এলাকায় যান। সেখানে গিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন তাঁরা। এরপর তাঁরা ব্যবসাপ্রতিষ্ঠানের খুঁটিনাটি ভুল ধরে গ্রেপ্তারের ভয় দেখান। একপর্যায়ে গ্রেপ্তার এড়ানোর বিনিময়ে চাঁদা দাবি করেন। বিষয়টি কয়েকজনের সন্দেহ হয়। তখন ঘটনাটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নজরে আনা হয়। কিছুক্ষণের মধ্যে ডিবি পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তাঁরা ডিবি পুলিশ সেজে চাঁদাবাজি করার কথা স্বীকার করেন।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই রুপন কুমার সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। বুধবার একই কাজ করতে গিয়ে গ্রেপ্তার হন তাঁরা। ডিবি পুলিশ বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে নরসিংদী কারাগারে পাঠানো হয়েছে।