মাধবপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গাজীপুর গ্রামে গত সোমবার রাতে পুলিশকে মারধর করে দ্রুত বিচার আইনের মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার পুলিশ বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাধবপুর থানার অধীনে মনতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীপুর গ্রামে যায়। পুলিশ গ্রামের বাসিন্দা ও দ্রুত বিচার আইনের মামলার আসামি শিপন মিয়াকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা রয়েছে। এ মামলার তিনি পলাতক আসামি। শিপনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় তাঁর আত্মীয়স্বজন পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এবং শিপনকে ছিনিয়ে নেন। হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম আলী, কনস্টেবল ভজন দাস ও মনির হোসেনসহ ছয় পুলিশ আহত হন। তাঁদের মাধবপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় গতকাল মাধবপুর থানায় মামলা হয়। সকালে গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে কামাল মিয়া (৩৭) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকতাদির হোসেন প্রথম আলোকে বলেন, ছিনিয়ে নেওয়া আসামিকে আবার গ্রেপ্তারের চেষ্টা চলছে।