মাধবপুরে মহাসড়কে গুলি ছুড়ে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত গাড়িতে গুলি ছুড়ে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাতেও রতনপুর এলাকায় চার-পাঁচটি ব্যক্তিগত গাড়িতে ডাকাতি হয়। এসব ঘটনা প্রতিরোধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন বলেন, ডাকাতির বিষয়টি তিনি শুনেছেন। তবে গুলি নয়, ডাকাতেরা ঢিল ছোড়ে। এর শব্দে গাড়ি থামালে ডাকাতি হয়। ডাকাতি প্রতিরোধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না—এ অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ অভিযোগ সঠিক নয়।
ডাকাতির শিকার সিকান্দার মিয়া নামের একজন মাইক্রোবাসচালক বলেন, গত রোববার তিনি ঢাকা থেকে মৌলভীবাজারে ফিরছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের রতনপুরে পৌঁছালে তিনি মাইক্রোবাসের মধ্যে বিকট শব্দ শুনতে পান। এতে চাকা ফেটে গেছে ভেবে তিনি মাইক্রোবাস থামান। এ সময় ১০-১২ জন অস্ত্রধারী ডাকাত হঠাৎ মাইক্রোবাসে ঢুকে একজন আরোহীসহ তাঁকে মারধর করে টাকা, মুঠোফোনসহ ২০-২৫ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ সময় ডাকাতেরা আরও চার-পাঁচটি ব্যক্তিগত গাড়ি আটকে চালক ও আরোহীদের ব্যাপক মারধর করে। ডাকাতেরা চলে যাওয়ার পর প্রতিটি গাড়ির গায়ে গুলি লাগার চিহ্ন দেখা যায়।
মৌলভীবাজার শহরের বাসিন্দা নাজিমুদ্দিন নজরুল বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর এলাকায় প্রায়ই চলন্ত গাড়িতে গুলি করে তা থামিয়ে ডাকাতির ঘটনা ঘটছে। ১০-১২ দিন আগে তাঁর পরিচিত যুক্তরাজ্যপ্রবাসী একটি পরিবার সিলেট থেকে ঢাকায় যাচ্ছিল। শব্দ শুনে চালক গাড়ি থামান। পরে ডাকাতেরা ওই গাড়ির আরোহীদের মারধর করে টাকা নিয়ে যায়।
হবিগঞ্জ শহরের মাইক্রোবাসচালক রাসেল জানান, সম্প্রতি তিনি মাঝরাতে ঢাকা থেকে হবিগঞ্জে ফিরছিলেন। মাধবপুরের চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি সেতুর কাছে পৌঁছালে ডাকাতেরা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। তিনি গতি কমানোর সঙ্গে সঙ্গে ডাকাতেরা সেতুর নিচ থেকে উঠে এসে গাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। ডাকাতের কবলে পড়েছেন বুঝতে পেরে তিনি দ্রুতগতিতে গাড়ি চালিয়ে মহাসড়ক টহলের দায়িত্বে থাকা পুলিশের সহায়তা চান। এ সময় দায়িত্বরত পুলিশ ঘটনাস্থলে না গিয়েই বলে, ‘এগুলো কিছু না, বাড়ি যান।’
মাধবপুরের রতনপুর এলাকার ব্যবসায়ী শামছুল মিয়া বলেন, কদিন পরপরই রতনপুর, বেজুরা ও চেয়ারম্যানবাড়ি গেট এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনা প্রতিরোধে পুলিশ ব্যবস্থা নেয় না। এমনকি থানায় লিখিত ও মৌখিক অভিযোগ করেও কাজ হয় না।