মাধবপুরে শ্বশুরকে কুপিয়ে হত্যা, সিলেটে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর গ্রামে গত শুক্রবার রাতে জামাই সাজু মিয়া কুপিয়ে শ্বশুরকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারী এ সময় শাশুড়ি, স্ত্রীসহ চারজনকে কুপিয়ে জখম করেছেন। গতকাল শনিবার সিলেটের দক্ষিণ সুরমার ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মাধবপুরে নিহত ব্যক্তির নাম কামাল মিয়া (৪৭)। তিনি মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। হামলায় সাজু মিয়ার শাশুড়ি সাহেরা খাতুন (৪০), স্ত্রী নুরজাহান (২৫), শ্যালিকা নেক জাহান (১৮) ও ভাগনে স্বপন মিয়া (১৮) আহত হন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামাল মিয়া প্রায় তিন বছর আগে তাঁর মেয়ে নুরজাহানকে (২৫) হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার সোরাবই গ্রামের মস্তু মিয়ার ছেলে সাজু মিয়ার (৩২) সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকে সাজু ও নুরজাহানের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। তবে উভয় পরিবারের চেষ্টায় স্বামী-স্ত্রীর মধ্যে আবারও সম্পর্ক হয়। কিন্তু পরে একই সমস্যা দেখা দিলে নুরজাহান বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত শুক্রবার রাত আড়াইটার দিকে সাজু শ্বশুরবাড়ি রতনপুরে আসেন। এ সময় বাড়ির লোকজন দরজা খুলে দিলে সাজু ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর কামাল মিয়াকে কোপাতে থাকেন। এ সময় তাঁকে রক্ষা করতে সাহেরা খাতুন এগিয়ে গেলে তাঁকেও কোপাতে থাকেন তিনি। একে একে সাজু তাঁর স্ত্রী নুরজাহানসহ বাড়ির চারজনকে কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে চলে যান। পরে আহত ব্যক্তিদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। এ সময় হাসপাতালের চিকিৎসকেরা কামাল মিয়াকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর থানার পুলিশ গতকাল শনিবার সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় সাহেরা খাতুন, নুরজাহান, নেক জাহান ও স্বপন মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে গতকাল সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে।
মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গতকাল সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সিলেটের দক্ষিণ সুরমার লামা হাজরাই গ্রামের ধানখেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।