মানব পাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার
পর্যটক ভিসায় বিদেশে লোক পাঠিয়ে সেখানে তাদের জিম্মি করে দেশে থাকা স্বজনদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন আব্দুল হাই, মনা মিয়া ও শামছু মিয়া।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) গত সোমবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় আবু খায়ের (২৪) নামে এক ভুক্তভোগীকে মালয়েশিয়ায় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সিটিটিসির সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম বেশ কয়েক দিন ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই চক্রের সন্ধান পায়। সর্বশেষ এই চক্রটি আবু খায়েরকে অবৈধভাবে মালয়েশিয়া পাঠিয়ে সেখানে আটকে রেখে দেশে থাকা তাঁর স্বজনদের কাছে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করে। পরে সিটিটিসির উপপুলিশ কমিশনার আলিমুজ্জামানের নেতৃত্বে সোমবারের অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়েছে।