মানব পাচারকে মানবাধিকারের চরম লঙ্ঘন মন্তব্য করে এই অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকার ও রাষ্ট্রকে সব উদ্যোগ নিতে বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় মানব পাচারবিরোধী পোস্টার প্রদর্শনীর উদ্বোধনীতে মিজানুর রহমান এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের উদ্যোগে চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগিতায় এই প্রদর্শনী চলবে ১৪ জুন পর্যন্ত।
মিজানুর রহমান বলেন, একজন মানুষ তার ভাগ্য বদলাতে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতেই পারে। এটি কোনো অপরাধ নয়। কিন্তু কেউ যদি তার স্বাধীনতা হারায় কিংবা পরাধীন হয়ে যায় সেটা পাচার। সমুদ্রপথে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সেটাই হচ্ছে।
মিজানুর রহমান বলেন, মানব পাচারের কারণ অবশ্যই দারিদ্র্য এবং কর্মসংস্থানের অভাব। তবে মানব পাচার একটি আন্তর্জাতিক সংকটও। তিনি বলেন, মানব পাচার মানবাধিকারের লঙ্ঘন। কাজেই সরকার ও রাষ্ট্রকে এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে।