মানব পাচার মামলার দুই আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে মানব পাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার টেকনাফ ও উখিয়া থানা-পুলিশের পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে টেকনাফের সাবরাং থেকে গ্রেপ্তার করা মৌলভি আলী আহমদকে, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী বলে পুলিশ জানায়। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার জানান, গতকাল সকালে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল উপজেলার সাবরাং ইউনিয়নে লাফারঘোনা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আলী আহমদকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, মালয়েশিয়ায় পাচারের জন্য তিন ব্যক্তিকে গত ৬ মে আলী আহমদ তাঁর বাড়ির পাশে আরেক একটি বাড়িতে নিয়ে যান। কিন্তু ওই বাড়ির মালিক তিনজনকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় আলী আহমদের নেতৃত্বে কয়েকজন লোক ওই বাড়িতে হামলা করে। তাদের হামলায় নছিমা খাতুন নামের এক নারী নিহত হন। হামলায় নাছিমার দুই মেয়েও আহত হয়। পরের দিন আলী আহমদসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
উখিয়া: কক্সবাজারের উখিয়া থেকে মানব পাচার মামলার আসামি ইমাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল গ্রাম থেকে গতকাল সকালে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।