মানব পাচার রোধে অভিযান ৬ দালালসহ গ্রেপ্তার ১০
মানব পাচার ঠেকাতে কক্সবাজার সমুদ্র উপকূলে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে পুলিশ জেলার বিভিন্ন উপকূলে অভিযান চালিয়ে মানব পাচার ও ইয়াবা চোরাচালানের এক হোতাসহ ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার এড়াতে দালালদের অনেকে আত্মগোপন করেছে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, থাইল্যান্ডের গহিন জঙ্গলে একাধিক গণকবর এবং সেখানে বাংলাদেশির লাশ পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও গতকাল বুধবার পর্যন্ত এখানে (কক্সবাজারে) এ রকম কারও পরিচয় পাওয়া যায়নি। কক্সবাজার সমুদ্র উপকূল দিয়ে মানব পাচার শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে সহকারী পুলিশ সুপার (উখিয়া সার্কেল) জসীম উদ্দিন মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল রামুর দরিয়ারদীঘি গ্রামে অভিযান চালিয়ে মানব পাচারের অন্যতম হোতা ও ইয়াবা ব্যবসায়ী মোস্তাক আহমদকে (৪০) গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে নয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়। রাত নয়টার দিকে মোস্তাককে ছিনিয়ে নিতে পাচারকারীরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে জেলা ডিবি পুলিশের দুই সদস্য দুলাল হোসেন ও শরিফ উদ্দিন আহত হন। মোস্তাক রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের আশরাফ মিয়ার ছেলে।