মানব পাচারকারী আছেম বিদেশে পালিয়েছেন?
>
- শিক্ষকতার আড়ালে মানব পাচার
- দুবার গ্রেপ্তার, দুবারই জামিনে
- আছেমের ভাই জাভেদও লাপাত্তা
- আছেমকে বাঁচাতে দৌড়ঝাঁপ

মানব পাচারের সব তথ্য হাতে থাকার পরও মোহাম্মদ আছেমকে আটকে রাখতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক সপ্তাহের ব্যবধানে তিনি দুবার গ্রেপ্তার হয়েছেন, দুবারই জামিনে বেরিয়ে গেছেন। তাঁর প্রধান সহযোগী ও সহোদর জাভেদ মোস্তফাকেও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের আশঙ্কা, তিনি বিদেশে পালিয়ে গেছেন।
সিআইডির কর্মকর্তারা জানান, মো. আছেম তেজগাঁও কলেজে শিক্ষকতার আড়ালে মানব পাচার করছেন। নিশ্চিত তথ্যসহ সিআইডি এ মাসের ১৪ আগস্ট তাঁকে গ্রেপ্তার করে। তিন দিন রিমান্ডে থাকার পর দ্বিতীয় দফায় রিমান্ডের আবেদন করলে আদালত তাঁকে জামিন দিয়ে দেন। পরে অন্য একটি মামলায় ১৯ আগস্ট সিআইডি আবারও তাঁকে কারওয়ান বাজার থেকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তোলা হলে তিনি জামিন পান। আছেমকে মানব পাচারের মামলা থেকে অব্যাহতি দিতে দৌড়ঝাঁপ করছেন তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির একাধিক সদস্য।
সিআইডির সংঘবদ্ধ অপরাধ তদন্ত দলের উপমহাপরিদর্শক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, আছেম বড় মাপের মানব পাচারকারী। তাঁকে ভালোভাবে জিজ্ঞাসাবাদের সুযোগ পাওয়া গেলে মালয়েশিয়ায় তাঁর সহযোগী কারা, কতজনকে তাঁরা এভাবে বিদেশে পাঠিয়েছেন, কতজন বিদেশের জেলে আটকা পড়ে আছে, সে তথ্য জানা যেত।
যত দূর জানা গেল
২০১৬ সালে সিরাজগঞ্জের উল্লাপাড়ার একটি মামলায় প্রথম মো. আরিফুজ্জামান আরিফ ও মো. আছেমের নাম আসে। মামলাটি দায়ের করেন মো. আবদুস সালাম। তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে মো. আরিফুজ্জামান আরিফ ও মো. আছেম তাঁর ছেলে মো. মাসুদ (১৯) ও মো. আবদুল আলিমকে অল্প খরচে নৌপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার টোপ দেন। ওই বছরের ২ অক্টোবর রাত আটটার দিকে তাঁদের বাড়ি থেকে নিয়ে যান আসামিরা। এর দুই মাসের বেশি সময় পর মো. আবদুস সালামের কাছে একটি ফোন আসে। মাসুদ তাঁর বাবাকে জানান, তিনি ও আলিম একটি জঙ্গলে আটকে আছেন। ৩ লাখ ১০ হাজার টাকা পরিশোধ করলে তাঁরা ছাড়া পাবেন। এরপর আসামিরা মো. আবদুস সালামকে ৩০ ডিসেম্বর ২০১৪ উল্লাপাড়ায় ইসলামী ব্যাংকের একটি শাখায় টাকা পরিশোধ করেন। তারপরও ওই দুজন মুক্তি পাননি। পরিবারটি পরে জানতে পারে, মাসুদ ও আলিম দুজনেই মালয়েশিয়ার জেলে আটক আছেন। দুই বছর ধরে নিজে নিজেই ছেলেকে ফিরে পাবার চেষ্টা করেন আবদুস সালাম।
২০১৬ সালের ওই মামলায় সিরাজগঞ্জের আদালত মো. আছেমের নামে গ্রেপ্তারি পরোয়ানার নির্দেশ দেন। কিন্তু সেই পরোয়ানা বেহাত হয়ে যায়। সিরাজগঞ্জ আদালতের কোর্ট ইন্সপেক্টর গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, মো. আছেমকে বনানী থানায় মানি লন্ডারিংয়ের মামলায় ১৪ আগস্ট গ্রেপ্তার দেখানোর পর পরোয়ানা ইস্যু হয়। সেই পরোয়ানা ফ্যাক্স করে সিআইডিতে পাঠান।
সিআইডির ডিআইজি শাহ আলম বলেন, ‘ভুক্তভোগী পরিবারগুলোর কাছে তথ্য ছিল খুবই কম। আমরা শুধু টাকা কোথা থেকে কোথায় গেল, সেটুকু অনুসরণ করে মো. আছেম ও তাঁর সহযোগীদের শনাক্ত করি। টেকনাফ ও নারায়ণগঞ্জে ঘরবাড়ির সন্ধান মেলে।’
এদিকে সিআইডি যখন সিরাজগঞ্জের উল্লাপাড়ার মামলাটির তদন্তে ব্যস্ত, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে মানব পাচারকারী চক্রের ১০৯ জন গডফাদারসহ মাদক পাচারকারী চক্রের ৩৫৮ জন সদস্যের তালিকা পাঠানো হয় বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ)। বাংলাদেশ ব্যাংক অনুসন্ধানে জানতে পারে, টেকনাফে এবি ব্যাংকের শাখায় জাভেদ মোস্তফার অ্যাকাউন্ট ছিল তিনটি। এর একটি বাহারছড়ায় সাগরপাড় ফিশিং নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে ও অন্য দুটি তাঁর নিজ নামে। সাগরপাড় ফিশিংয়ের নামে খোলা অ্যাকাউন্টে ১ কোটি ৩৭ লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া যায়।
অন্য দুটি অ্যাকাউন্টের একটিতে আড়াই বছরে ৪ কোটি ২ লাখ টাকা জমা ও তোলার খবর পাওয়া যায়, অপর একটি অ্যাকাউন্টে চার বছরে জমা হয় ৯ কোটি ৪৭ লাখ টাকা। চার বছরে ওই তিনটি অ্যাকাউন্টে ২৮ কোটি টাকার বেশি জমা পড়ে।
প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি জানান, জাভেদ মোস্তফার টেকনাফের আলিউল্লাহ শপিং কমপ্লেক্সে জাভেদ মোস্তফার উইমেনস ক্লাব নামে একটি অত্যাধুনিক দোকান আছে। ওই শপিং কমপ্লেক্সের সব দোকানপাট খুললেও উইমেনস ক্লাব খোলেনি। তবে মৌলভীপাড়ায় তাঁদের প্রতিবেশীরা জানিয়েছেন, জাভেদকে শুক্রবারও এলাকায় দেখা গেছে।