মানব পাচারকারী সন্দেহে আটক ৬, সাতজন উদ্ধার
রাজধানীর দারুস সালাম ও ফকিরাপুল এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার মানব পাচারকারী সন্দেহে ছয় ব্যক্তিকে আটক করেছে র্যাব ও পুলিশ। এ সময় তাঁদের কবল থেকে সাত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন তানজিল হোসেন, ইসমাইল হোসেন, শাহউদ্দিন, আবদুল কুদ্দুস মৃধা, মো. জাফর ও মো. বিপ্লব।
র্যাব সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল গতকাল বিকেল তিনটার দিকে ফকিরাপুলে একটি হোটেল ও ট্রাভেল এজেন্সিতে অভিযান চালিয়ে তানজিল ও ইসমাইলকে আটক করে। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে কুদ্দুস, জাফর ও বিপ্লবকে আটক করে র্যাব। এই পাঁচজনের তথ্যের ভিত্তিতে রাতে ভুক্তভোগী সাতজনকে ফকিরাপুলের হোটেল শেল্টার থেকে উদ্ধার করে র্যাব। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মো. শাওন, মামুন হোসেন, মোস্তাফিজুর রহমান, মো. আমজাদ হোসেন, রেজাউল ইসলাম, মোতাহার হোসেন ও সাইদুল ইসলাম। রাত সাড়ে ১০টা পর্যন্ত র্যাবের অভিযান চলে।
র্যাব-৩-এর অপারেশন কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ইয়াসিন আরাফাত গতকাল রাতে প্রথম আলোকে বলেন, শাওন ও মামুন হোসেনকে মধ্যপ্রাচ্যের ইরাকে ও বাকি পাঁচজনকে গলাকাটা পাসপোর্ট দিয়ে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া করছিলেন তানজিল ও ইসমাইল। এর আগেও তাঁরা বিভিন্ন লোককে ট্রলারে মালয়েশিয়ায় পাঠিয়ে প্রতারণা করেছেন। প্রত্যেকের কাছ থেকে প্রতারকেরা কত টাকা নিয়েছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ছাড়া গতকাল সকালে পুলিশ দারুস সালাম এলাকা থেকে শাহউদ্দিনকে আটক করে। তাঁর কাছ থেকে ১০১টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে দারুস সালাম থানায় মামলা হয়েছে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শাহ উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি বহুকাল ধরে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে মানব পাচারের সঙ্গে যুক্ত আছেন। উদ্ধার হওয়া পাসপোর্টধারীদের মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে তাঁদের প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ করে টাকা নিয়েছেন। এ ছাড়া তিনি এসব লোককে বিদেশে পাঠানোর পক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। শাহ উদ্দিনকে আজ শুক্রবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।