মানব পাচারকারী সন্দেহে গ্রেপ্তার ৩
চট্টগ্রামে মানব পাচারকারী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলো বাগেরহাটের শরণখোলার মো. সেলিম (২৫), ঝালকাঠির কাঁঠালিয়ার মোহাম্মদ আলী (১৯) ও পিরোজপুরের ভান্ডারিয়ার হেলাল উদ্দিন (২১)।
গতকাল বুধবার সকালে নগরের ইপিজেড ব্যাংক কলোনির একটি বাসা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে রাকিব হোসেন ও মো. হাসান নামের দুই যুবককে উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দুই যুবককে ভারতে পাচারের জন্য রাখা হয়েছিল।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, ভারতের ব্যাঙ্গালুরুরে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গরিব, অসহায় ও দিনমজুরদের জড়ো করছে চক্রটি। তাদের দলনেতা বাগেরহাটের মামুন। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন উদ্ধার হওয়া রাকিব ও হাসান। তাঁদের ভারতে ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখান মোহাম্মদ আলী। তার কথামতো ব্যাংক কলোনির বাসায় আসেন তাঁরা দুজন। তাঁদের সঙ্গে দুই নারীসহ আরও ১০ জন আসার কথা ছিল। কিন্তু পুলিশি অভিযান টের পেয়ে তাঁরা আর আসেনি। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মানব পাচার আইনে ইপিজেড থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে রিমান্ডের আবেদনও জানানো হয়েছে।
তবে উদ্ধার হওয়া দুজনের কাছ থেকে কোনো পাসপোর্ট উদ্ধার না হলেও তাঁদের অবৈধভাবে ভারতে পাঠানো হতো বলে জানান ওসি।