মানব পাচারকারীর খপ্পরে এক গ্রামের ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিদেশ যাওয়ার জন্য এর আগে আমার স্বামী (আবু বক্কর) ধারকর্জ করে দুইবার পাসপোর্ট করেছে। কিন্তু অনেক চেষ্টা করেও যেতে পারেনি। কিছুদিন আগে আমাকে বলল, সে মালয়েশিয়া যাবে। তিন মাস আগে একদিন শহরে যাবে বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেনি সে। এখন জানি না কোথায় আছে, কেমন আছে।’
কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন গৃহবধূ আবিদা সুলতানা (২৭)। এ সময় মায়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে ছিল ছোট ছেলে সাজ্জাদ। হাতে নিখোঁজ বাবা আবু বক্করের ছবি।
আবু বক্করসহ চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারি ইউনিয়নের হাফছড়িকূল গ্রামের ১০ ব্যক্তি তিন মাস আগে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য গ্রাম ছাড়েন। তাঁদের মধ্যে তিনজন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন বলে পুলিশ জানিয়েছে।
স্বজনদের অভিযোগ, পাশের গুচ্ছগ্রামের এক ব্যক্তি তাঁদের মালয়েশিয়া পাচার করেছেন। নিখোঁজ ব্যক্তিদের ছাড়িয়ে আনতে এখন মুঠোফোনে টাকাও দাবি করা হচ্ছে। বিপদের আশঙ্কায় তাঁরা প্রশাসনকেও বিষয়টি জানায়নি।
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ১০ ব্যক্তিকে পাচারের বিষয়টি সামনে নিয়ে আসে। এ বিষয়ে জানতে চাইলে কারিতাসের নিরাপদ অভিবাসন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল মজুমদার বলেন, তিন মাস আগে ১০ জন গ্রাম ছাড়েন। যাওয়ার পর স্বজনেরা জানতে পারেন তাঁরা মালেশিয়ার উদ্দেশে গ্রাম ছেড়েছেন।
নিখোঁজ ১০ জনের মধ্যে আবদুল মালেক (৩৪) ও মো. আলী (৩০) মিয়ানমারে এবং নাছির উদ্দিন (৩৮) ইন্দোনেশিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে আছেন বলে কিছুদিন আগে চন্দনাইশ থানা থেকে পরিবারকে জানানো হয়। সবার আগে গ্রাম ছেড়েছেন এই তিনজন। এর কয়েক দিন পর বাকি সাতজন মালেশিয়ার উদ্দেশে যাত্রা করেন।
মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করা অপর সাতজন হলেন আবু বক্কর (৩১), লোকমান গনি (১৬), আবদুল হামিদ (২৭), এমদাদুল্লাহ (২২), আবু ছৈয়দ (২৯), নূর আলম (২৮) ও ইছহাক মিয়া (৪৭)। তাঁদের সবাই দিনমজুর হিসেবে কাজ করতেন। দিন মজুরির পাশাপাশি এমদাদুল্লাহ মাদ্রাসায় পড়তেন।
নিখোঁজ এমদাদুল্লাহর বড় ভাই মোজাম্মেল বলেন, ‘৮ জুন বাংলাদেশের একটি মুঠোফোন নম্বর থেকে আমাদের কাছে ফোন আসে। ফোনে এমদাদুল্লাহ আমার মা ও আমার সঙ্গে কথা বলে। ফোনে জানায়, সে মিয়ানমারের মুংডু এলাকায় আছে। তার সঙ্গে এখানকার অপর ছয়জনও আছে বলে সে জানিয়েছে।’ তিনি জানান, ১০ জুন রাতে একই নম্বর থেকে এক ব্যক্তি ফোন করে ওই সাতজনের খাবারদাবারের জন্য জনপ্রতি ১৫ হাজার টাকা করে দাবি করে। বিকাশের মাধ্যমে ওই টাকা পাঠাতে বলা হয়েছে।