মানব পাচারের অভিযোগে আটক ৬
মানব পাচারের অভিযোগে রাজধানীর মালিবাগে অভিযান চালিয়ে মেসার্স মাহবুব ইন্টারন্যাশনাল এজেন্সি নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করেছে র্যাব। গতকাল মঙ্গলবার বিকেলে র্যাব-৩-এর একটি দল অভিযানটি চালায়।
র্যাব-৩-এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই এজেন্সি থেকে এক হাজার পাসপোর্ট ও বিদেশ পাঠানোর নামে প্রতারণার শিকার ছয়জনকেও উদ্ধার করা হয়েছে।
এএসপি সাইফুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা তিনটার দিকে মালিবাগের ডিআইটি রোডে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যানসহ কয়েকজন মানুষকে বিদেশ পাঠানোর নামে জাল ভিসা তৈরি করে দিতেন। বিদেশ পাঠানোর নামে কারও কারও কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। আবার অনেককেই ওই প্রতিষ্ঠানে আটকে রেখে মারধরও করা হতো। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।