মানব পাচারের অভিযোগে আটজন গ্রেপ্তার
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে মানব পাচারের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ সোমবার দুপুরে উত্তরায় র্যাব সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে চার শতাধিক কিশোরী ও নারীকে পাচার করেছে। পরে কৌশলে পাচার হওয়া এই নারীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের দেশে ফেরত আনার কথা বলে লাখ লাখ টাকা আদায় করত।
যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন: মো. রোকন (২১), আয়েশা আক্তার (২৫), আমির (২২), হাসান খন্দকার (৩০), হাবিব (৩২), মিল্টন (২২), সামাদ (৩২) ও মামুন মির্জা (২৮)। তাঁদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, ১১টি ভিসা, ৫১টি বিমানের জাল টিকিট ও ৫৩টি বিদেশে চাকরির জাল নিয়োগপত্র, একটি ভিডিও ক্যামেরা ও ১৪টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
মুফতি মাহমুদ খান বলেন, টাঙ্গাইলের রওশন আরা র্যাব-১২-তে অভিযোগ করেন, গত ১৭ আগস্ট তাঁর মেয়ে সাবিনাকে অপহরণ করা হয়েছে। এর সাত দিন পর অজ্ঞাত এক ব্যক্তি ফোনে ভারত থেকে তাঁর মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন। এর পর ২৬ ফেব্রুয়ারি গাজীপুরের বড়বাড়ী এলাকা থেকে রোকন ও আয়েশাকে গ্রেপ্তার করা হয়। এঁদের কাছ থেকে ভারতে পাচারের জন্য বন্দী এক কিশোরীকে উদ্ধার করা হয়।
মুফতি মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোকন ও আয়েশাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কিশোরীকে ভারতে পাচারের জন্য যাত্রাবাড়ীর ধলবাড়ী এলাকার আমির ও হাসানের সঙ্গে ৮০ হাজার টাকার চুক্তি হয়েছে। এমন তথ্য পেয়ে পরদিন আমির ও হাসানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাচারের জন্য আটকে রাখা এক কিশোরীকে ধলবাড়ীর একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ছাড়া বেনাপোল সীমান্তের সূর্যখালী এলাকা থেকে গতকাল রোববার হাবিব, মিল্টন ও সামাদকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তথ্য নিয়ে গতকালই সন্ধ্যায় রাজধানীর ফকিরাপুল পানি ট্যাংক এলাকা থেকে মামুন মির্জাকে গ্রেপ্তার করা হয়।