মানব পাচারের অভিযোগে চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দাবুরপুরা এলাকা থেকে গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার ফতেহপুর ইউনিয়নের দাবুরপুরা গ্রামের জামাল (৪৫), ইয়াকুব (২৫), ইয়াছিন মন্টু (৩০) ও আল আমিন (২৬)।

আড়াইহাজার থানার ওসি আলমগীর জানান, সম্প্রতি সাগরপথে মানব পাচার করার সময় বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী ১৪৬ জন বাংলাদেশিকে উদ্ধার করে। তাঁদের গত ২২ জুলাই বাংলাদেশে হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে আড়াইহাজার উপজেলার বৈলারকান্দী গ্রামের বাসিন্দা স্বপন ভুঁইয়া বাদী হয়ে মানব পাচারকারীদের বিরুদ্ধে ২৭ জুলাই একটি মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি জামাল ও ইয়াকুবসহ চারজনকে গ্রেপ্তার করে।

এর আগে পাচারের শিকার ও পরে দেশে ফিরে আসা স্বপন সাংবাদিকদের বলেন, ওই পাচারকারীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারে আস্তানা গেড়ে অনেক যুবককে বিনা টাকায় মালয়েশিয়া নেবে বলে পাচার করতেন। পরে তাঁদের সাগরে কিংবা অজ্ঞাত স্থানে আটকে রেখে মুক্তিপণ আদায় করতেন। যাঁরা মুক্তিপণ দিতে পারেননি তাঁদের হত্যা করে সাগরে ফেলে দেওয়া হতো অথবা জঙ্গলে পুঁতে ফেলা হতো।