মানব পাচারের অভিযোগে তিনজন গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন স্থান থেকে মানব পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা। তাঁরা হলেন মো. আল আজাদ (২৭), ফিরোজ আহমেদ (২৮), কৃষ্ণ গোপাল দে (৩৮)। তাঁদের কাছ থেকে ১৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য।
গত বৃহস্পতিবার রাতে সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহবুবুল আলমের নেতৃত্বে রাজধানীর বনানী, উত্তরা ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। কৃষ্ণের কাছ থেকে ১৫ লাখ টাকা জব্দ করা হয়।
পাচারকারীরা অনলাইনে বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে লোকজনকে নিউজিল্যান্ডে পাঠানোর জন্য ইন্দোনেশিয়ায় নিয়ে যায়। এরপর সেখানে আটকে রেখে তাঁদের পাসপোর্টে নিউজিল্যান্ডের ভুয়া ভিসা লাগিয়ে দেয়। এরপর দেশে তাঁদের স্বজনদের কাছে ফোন করিয়ে পাচারকারীদের টাকা দেওয়ার জন্য বলা হয়।
সিআইডির কর্মকর্তারা বলেন, ডেমরা থানার কাওছার আহমেদ নামের এক ব্যক্তি গত নভেম্বর মাসে এই চক্রের মাধ্যমে প্রতারিত হন। নিউজিল্যান্ডে ভালো চাকরির কথা বলে পাচারকারীরা কাওছারের কাছ থেকে চার লাখ টাকা নেয়। কিন্তু ইন্দোনেশিয়ায় নিয়ে কয়েক দিন তাঁকে আটকে রাখা হয়। একপর্যায়ে কাওছারের পাসপোর্টে নিউজিল্যান্ডের জাল ভিসা লাগিয়ে তাঁর পরিবারকে আরও টাকার জন্য হুমকি দেওয়া হয়। এভাবে কাওছারের কাছ থেকে আরও ১৩ লাখ টাকা আদায় করে চক্রটি।