মানব পাচারের আখড়া আবাসিক হোটেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিল এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে মানব পাচারকারীরা বিদেশ যেতে ইচ্ছুক ব্যক্তিদের ‘বিদেশযাত্রী’ পরিচয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদে রাখছেন। সুযোগ বুঝে সেখান থেকে পাচারের কাজ চলছে।
গতকাল রোববার মতিঝিল থানা এলাকায় ১০টি আবাসিক হোটেল ঘুরে এই তথ্য পাওয়া গেছে। হোটেল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও মানব পাচারের শিকার ব্যক্তিরা বলেছেন, হোটেলগুলো মানব পাচারের আখড়া হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা।
সম্প্রতি মানব পাচারের বিষয়টি জোরেশোরে সামনে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালান। হোটেলের কর্মকর্তাদের দাবি, এতে ‘বিদেশযাত্রীর’ সংখ্যা কমে গিয়ে তাঁদের ব্যবসায় ধস নেমেছে।
নিয়ম অনুয়ায়ী প্রতিদিন হোটেলের অতিথিদের তালিকা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) প্রলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘আমরা নিয়মিত ওই তালিকা তদারকি করি। তবে মানব পাচারের বিষয়টি সামনে আসায় তদারকি আরও জোরদার করা হয়েছে।’
থাইল্যান্ডে গণকবর আবিষ্কৃত হওয়ার পর বিশ্বজুড়ে মানব পাচারের বিষয়টি এখন বেশ আলোচিত। গত নয় দিনে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার উপকূল থেকে পাচারের শিকার হওয়া অন্তত ৩ হাজার বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উদ্ধার করা হয়েছে। থাইল্যান্ডের সংখলা প্রদেশের হাতজ্জাইয়ে পুলিশ হেফাজতে থাকা কয়েকজন বাংলাদেশি প্রথম আলোকে বলেন, তাঁদের কয়েকজনকে রাজধানীর কমলাপুর বাজার রোডে গাংচিল আবাসিক হোটেলে রেখেছিলেন দালালেরা। সেখান থেকেই তাঁদের পাচার করা হয়।
গতকাল দুপুরে ওই হোটেলে গেলে মালিকের ছেলে ইফতেখারুল ইসলাম প্রথম আলোকে জানান, গত মাসেও তাঁদের হোটেলে প্রতিদিন গড়ে ১০ জন বিদেশযাত্রী থাকতেন। এখন তা কমে এক-দুইয়ে দাঁড়িয়েছে। তবে হোটেলটি কোনো দালালের আখড়া নয় বলে তিনি দাবি করেন।
গাংচিল হোটেলের নিবন্ধনের খাতা ঘেঁটে দেখা গেছে, গত ৯ এপ্রিল সেখানে ১৪ জন বিদেশযাত্রী অবস্থান করেছিলেন। তাঁদের মধ্যে গাজীপুরের বাসিন্দা আজিজুল হক নামের একজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ৮০ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে তিনি মালয়েশিয়া যেতে চেয়েছিলেন। ওই দালালই তাঁকে বেশ কয়েক দিন গাংচিল হোটেলে রেখেছিলেন। তবে শেষমেশ তিনি যেতে পারেননি। টাকাও ফেরত পাননি।
একই দিনের নিবন্ধন-খাতায় নাম ছিল ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আলী আকবরের। মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে হালিমা আক্তার নামের একজন বলেন, তিনি আলী আকবরের মেয়ে। ৬০ হাজার টাকা দিয়ে মালয়েশিয়া যেতে চেয়েছিলেন তাঁর বাবা। তাঁকে ঢাকার একটি একটি হোটেলে রাখা হয়েছিল। বিমানে থাইল্যান্ড পর্যন্ত নেওয়া হলেও আবার তাঁকে ফিরিয়ে আনা হয়।
‘বিদেশ যাত্রী’ হিসেবে নিবন্ধন-খাতায় নরসিংদীর বাসিন্দা মো. সুজনের নাম পেলে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমি মালয়েশিয়া যেতে চেয়েছিলাম। আমাকে ব্যাংকক পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। পরে ফেরত আনা হয়। আর বেশি কিছু বলতে পারব না।’
গাংচিল হোটেলের পাশে হোটেল শাহ পরানের অবস্থান। হোটেলটির কর্মকর্তা আবদুল মোতালেব দাবি করেন, এক মাস আগেও অনেক দালাল তাঁদের হোটেলে লোকজন নিয়ে আসতেন। তবে তাঁদের রাখা হতো না।
অবশ্য হোটেলগুলো মানব পাচারের আখড়ার অভিযোগ অস্বীকার করেছেন কমলাপুর এলাকার হোটেলমালিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ গোলাম রব্বানী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এমন তথ্য জানা নেই।’
সরেজমিনে জানা গেছে, ফকিরাপুল এলাকায় রয়েছে দেড় শতাধিক আবাসিক হোটেল। ফকিরাপুল কাঁচাবাজার রোডে সোনার বাংলা হোটেলে গেলে এক কর্মচারী বলেন, ‘মানব পাচারের ওপর পুরা ফকিরাপুল চলে। হোটেল চললে সমস্যা কী।’ তবে তিনি বলেন, তাঁদের হোটেলে এখন বিদেশযাত্রীরা আসে না বললেই চলে। একই কথা বলেন পাশের হোটেল ফাইভ স্টারের কর্মচারী মো. হালিমও।
আশিয়ান হোটেলের ব্যবস্থাপক মো. আলম বলেন, তাঁদের হোটেলে আগে প্রতি মাসে ৩৫০-৪০০ বিদেশযাত্রী থাকতেন। কিন্তু চলতি মাসে গতকাল পর্যন্ত মোট বিদেশ যাত্রীর সংখ্যা ছিল ১৭ জন।
আজমেরী হোটেলের ব্যবস্থাপক মো. রিয়াজও বললেন, বিদেশযাত্রী কম। তবে চলতি মাসে যে চারজন বিদেশযাত্রী তাঁদের হোটেলে উঠেছেন, কেউ বিদেশ যেতে পারেননি। আরেকটি হোটেলে গেলে একজন কর্মকর্তা বলেন, ‘ইসলাম হোটেলে যান। কম দামি হোটেল বলে সেখানে বিদেশযাত্রীর সংখ্যা বেশি।’
ইসলাম হোটেলের নিবন্ধন-খাতায় দেখা গেছে, ১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হোটেলটিতে অন্তত ১১০০ লোক থেকেছেন। এর মধ্যে বিদেশ যাত্রীর সংখ্যা ছিল ৭৫৬ জন। কিন্তু চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত এই সংখ্যা ২০০-এর নিচে। হোটেলটির ব্যবস্থাপক মো. আলম দাবি করেন, বিদেশযাত্রীরা নিজ উদ্যোগেই হোটেলে উঠেছেন। কোনো দালালের মাধ্যমে নয়।
হোটেল মিড স্টারের ব্যবস্থাপক ইব্রাহিম মৃধা অবশ্য স্বীকার করেন, ‘এক দালাল আগে আমাদের হোটেলে অনেক বিদেশযাত্রীকে নিয়ে আসতেন। কিন্তু ভাড়া নিয়ে ঝামেলা হওয়ার পর থেকে এভাবে আর কোনো লোক রাখা হয় না।’
গত শুক্রবার ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় ‘হোটেল শেলটারে’ অভিযান চালায় র্যাব-৩-এর একটি দল। সেখান থেকে মালয়েশিয়াগামী সাতজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় হোটেলের ব্যবস্থাপক আবদুল কুদ্দুস ও দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল থানার মামলায় ওই তিনজন বর্তমানে দুই দিনের রিমান্ডে আছেন।
র্যাব-৩-এর অধিনায়ক গোলাম সরোয়ার প্রথম আলোকে বলেন, মানব পাচার চক্রের সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
গোলাম সরোয়ার বলেন, ‘তানজিল নামের এক ব্যক্তি বিভিন্ন দালালের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করে। ওই লোকদের হোটেল শেলটারসহ বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হতো। এরপর জাল পাসপোর্ট ও ভিসা তৈরি করে তাঁদের পাচার করা হতো।’