মানব পাচারের দায়ে কম্বোডিয়ায় দণ্ডিত বাংলাদেশি
মানব পাচারের দায়ে কথিত এক বাংলাদেশিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন কম্বোডিয়ার একটি আদালত। ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৯)। বাংলাদেশ থেকে কম্বোডিয়া হয়ে মালয়েশিয়ায় ৮০ জনের বেশি লোককে পাচারের দায়ে গতকাল মঙ্গলবার কম্বোডিয়ার নমপেন পৌর আদালত তাঁকে ওই সাজার আদেশ দেন। দেশটির সংবাদমাধ্যম খমের টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আদালতের সভাপতিত্বকারী বিচারক হেং সোকনা বলেন, ব্যবসায়ী মিজানুর রহমান মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, ‘তিনি (মিজানুর) যদি আদালতের এই সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তবে এর বিরুদ্ধে আপিল আদালতে তাঁর আপিল করার অধিকার রয়েছে।’
রায় দেওয়ার সময় হেং সোকনা বলেন, ২০১৫ সালের ২৬ জুলাই মালয়েশিয়ার পুলিশের সহযোগিতায় কাজ করার সময় কম্বোডিয়ার অভিবাসন পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করে। মিজানুরকে গ্রেপ্তারের পর পুলিশ নমপেনের ডাওন পেন এলাকা থেকে সাত বিদেশিকে উদ্ধার করে। তিনি বলেন, মালয়েশিয়ার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মিজানুর ৮০ জনের বেশি বাংলাদেশি নারী-পুরুষকে পাচার করেন। ওই ব্যক্তিদের প্রথমে কম্বোডিয়ায় আনা হয়। এরপর এখান থেকে তাঁদের মালয়েশিয়া পাঠানো হয়। পাচারের জন্য জনপ্রতি তিনি ২৫ হাজার ডলার করে নেন।
গতকাল রায় ঘোষণার পর মিজানুর ও তাঁর আইনজীবী এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে গত ১০ অক্টোবর মামলার বিচার চলাকালে মিজানুর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি বিচারককে বলেন, একটি রেস্টুরেন্ট পরিচালনার জন্য ২০১৩ সালে তিনি কম্বোডিয়ায় পৌঁছান। তবে গ্রেপ্তার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেছিলেন, তিনি ২০০৮ সালে কম্বোডিয়ায় পৌঁছান।