মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কলেজশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুরের নকলা থেকে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হলেন নকলা হাজী জালমামুদ কলেজের বাংলা বিভাগের প্রভাষক (সাময়িক বরখাস্ত) এস এম আমিনুজ্জামান ফারুক। গতকাল সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) নকলা পৌর শহরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
আমিনুজ্জামানের বাড়ি উপজেলা সদরের ইশিবপুর এলাকায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোপর্দ করার জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ্উদ্দিন সিকদার বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল আমিনুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
২০০৯ সালের ১৩ এপ্রিল নকলা উপজেলার বাজারদী এলাকার বাসিন্দা সৈয়দ আলম মঞ্জু বাদী হয়ে আমিনুজ্জামানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে নকলা থানায় একটি মামলা করেন। পরে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বাদীর অভিযোগ, ১৯৭১ সালের ২৭ আগস্ট সন্ধ্যায় তাঁর চাচা সৈয়দ শাহজাহান আলীকে আলবদর বাহিনীর সদস্য আমিনুজ্জামান ও তাঁর পাঁচ সহযোগী শাহজাহানকে ধরে নকলা পাইলট হাইস্কুলে অবস্থিত পাকিস্তান বাহিনীর ক্যাম্পে নিয়ে হত্যা করেন।