মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনায় তিনজন ও নরসিংদীতে একজন গ্রেপ্তার হয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
নেত্রকোনায় গ্রেপ্তার হওয়া তিনজনের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলায়। তাঁরা হলেন উপজেলার আলমপুর গ্রামের আসক আলী (৯০), নওয়াগাঁও গ্রামের শাহনেওয়াজ (৯০) ও একই গ্রামের আজিজুর রহমান (৭০)।
দুর্গাপুর থানা-পুলিশের সহায়তায় নেত্রকোনা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গতকাল দুপুরে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে একাত্তর সালে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা চলমান রয়েছে বলে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে জানিয়েছেন।
নেত্রকোনার অতিরিক্ত সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিকে বর্তমানে নেত্রকোনা মডেল থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। দ্রুততার সঙ্গে তাঁদের ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
নরসিংদীতে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রমজান আলী (৬৫)। তিনি জেলার দুর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। নরসিংদী শহরের কাউরিয়াপাড়ার নতুন লঞ্চঘাট এলাকা থেকে গতকাল বিকেলে তাঁকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের একটি দল।
ডিবি সূত্রে জানা গেছে, নিজের নাম-পরিচয় গোপন রেখে রমজান আলী ১০ বছর ধরে নরসিংদী শহরে বাস করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল চারটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গতকালই রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, তাঁকে ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আজ বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এই গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।