মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শামসুদ্দিন গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের এটিএম শামসুউদ্দিন ওরফে শামসু রাজাকারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ময়মনসিংহ চৌরাস্তা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, জেলার করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের সহোদর মো. নাসিরউদ্দিন (৬২) ও এটিএম শামসুদ্দিন (৬০) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা ওই গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সি ও লুৎফুন্নাহার লতার সন্তান। মুক্তিযুদ্ধচলাকালে তারা রাজাকার বাহিনীতে যোগ দেন। ট্রাইব্যুনালে দেওয়া চুড়ান্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়। গতকাল বুধবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর গোয়েন্দা পুলিশ রাত নয়টার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ময়মনসিংহ চৌরাস্তা এলাকা থেকে এটিএম শামসুদ্দিন গ্রেপ্তার করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসেন।
কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, শামসুউদ্দিনকে সদর মডেল থানায় রাখা হয়েছে।