মানবতাবিরোধী অপরাধে শাখাওয়াত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক সাংসদ শাখাওয়াত হোসেনকে রাজধানীর উত্তরখান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনূস আলী জানান, সন্ধ্যা সাতটায় রাজধানীর উত্তরখানের মাস্টারপাড়া শাহী মসজিদের কাছের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইউনূস আলী আরও বলেন, ‘শাখাওয়াত হোসেন এক মাস আগে ওই বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন।’

শাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সাংসদ নির্বাচিত হন।

সাখাওয়াত হোসেনের বাবার নাম ওমর আলী, তাঁর বাড়ি যশোরের কেশবপুর থানার হিজলডাঙ্গা গ্রামে। একাত্তরে দখলদার পাকবাহিনীর দোসর রাজাকার বাহিনীর কমান্ডার হিসেবে তিনি এলাকায় দায়িত্ব পালন করেন বলে অভিযোগ রয়েছে। ২০০৯ সালে যশোরে শাখাওয়াতের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে চারটি মামলা হয়। ওই বছর জুন মাসে তাঁকে কেশবপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে ছাড়া পান।