মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেপ্তার আসামির মৃত্যু
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ওরফে টাক্কাবী (৭৫) গতকাল সোমবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
এমদাদুল হকের মেজ ছেলে মোকাম্মেল হক আজ মঙ্গলবার বিকেলে মোবাইলে প্রথম আলোকে বলেন, আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাবার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। কাল বুধবার সকালে চুন্টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত ৭ জানুয়ারি ভোরে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে পুলিশ এমদাদুল হককে গ্রেপ্তার করেছিল। পরে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতাযুদ্ধের সময় ১৯৭১ সালের ১৬ অক্টোবর এমদাদুল হকের নেতৃত্বে চুন্টা গ্রামের ২৩ ও কালীকচ্ছ ইউনিয়নের কালীকচ্ছ গ্রামের ২২ জন সংখ্যালঘু সদস্যকে আটক করে পাক হানাদার বাহিনী। ১৮ অক্টোবর কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী এলাকায় ওই ৪৫ জনকে হত্যা করা হয়। তখন এমদাদুল হক ছিলেন চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। পরে ১৯৯০ সালে জাতীয় পার্টির প্রার্থী হয়ে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এমদাদুল হক গা ঢাকা দেন। এরপর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি।