নেত্রকোনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তিনজন গ্রেপ্তার
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে দুর্গাপুর থানা-পুলিশের সহায়তায় নেত্রকোনা ডিবি পুলিশ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার আলমপুর গ্রামের আসক আলী (৯০) এবং নওয়াগাঁও গ্রামের শাহনেওয়াজ (৯০) ও একই গ্রামের আজিজুর রহমান (৭০)।
নেত্রকোনার অতিরিক্ত সুপার হাবিবুর রহমান প্রামাণিক সাংবাদিকদের বলেন, আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতেÿওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বর্তমানে নেত্রকোনা মডেল থানায় রাখা হয়েছে। দ্রুত তাঁদেরকে ট্রাইব্যুনালে পাঠানো হবে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান প্রথম আলোকে বলেন, ওই তিনজনের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা, গণহত্যা, নারী নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা চলমান রয়েছে।