মানবতাবিরোধী মামলায় সাবেক মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আবদুল লতিফ (৬২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি মাদ্রাসার সাবেক সহকারী সুপার।

আজ বুধবার উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর নামে তিস্তার নদীর এক দুর্গম চর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুল লতিফ খামার পাঁচগাছী দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী সুপার। তিনি উপজেলার পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত ফইম উদ্দিন ব্যাপারীর ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সাংসদ আবদুল আজিজের নেতৃত্বে আবদুল লতিফসহ রাজাকার বাহিনীর সদস্যরা সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের আকবর আলী মেম্বারকে নৃশংসভাবে হত্যা করে। ২০০৯ সালের ২৮ জুলাই শহীদ আকবর আলী মেম্বারের ছেলে আনিছুর রহমান বাদী হয়ে সাবেক সাংসদ আবদুল আজিজ, আবদুল লতিফসহ ১৩ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন। গত বছরের ২০ নভেম্বর মামলাটি তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলাটি মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চলমান থাকায় দীর্ঘ তদন্তের পর ট্রাইব্যুনাল সাবেক সাংসদ আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন।

ওসি ইসরাইল হোসেন আরও বলেন, গ্রেপ্তার আবদুল লতিফের দেওয়া তথ্য অনুযায়ী সাবেক সাংসদ আবদুল আজিজসহ অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।