মানবদেহের জন্য ক্ষতিকর জেলি মেশানো চিংড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গলদা চিংড়ি খেয়ে একজন বিচারকসহ কয়েকজন ক্রেতা অসুস্থ হয়ে পড়ায় গতকাল মঙ্গলবার শহরের মাছের বড় আড়ত চেলোপাড়া চাষিবাজার ও ফতেহ আলী খুচরা বাজারে একজন নির্বাহী হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক জেলিমিশ্রিত প্রায় ৬০ কেজি গলদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়।

এদিকে জেলিমিশ্রিত গলদা চিংড়ি বিক্রির দায়ে একজন আড়তদার ও খুচরা তিন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, মাছের পাইকারি আড়ত ও খুচরা বাজারে বেশি মুনাফার লোভে একশ্রেণির অসাধু ব্যবসায়ী চিংড়িতে এই জেলি মেশাচ্ছেন।

এ ব্যাপারে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, ‘চিংড়িতে ব্যবহৃত এই রাসায়নিক জেলি জীবননাশী ও মারাত্মক ক্ষতিকর। এগুলো মানুষের খাদ্যনালি, পরিপাকতন্ত্র এমনকি কিডনিও নষ্ট করতে পারে। এসব বিষাক্ত রাসায়নিক খেয়ে মানুষ ক্যানসারেও আক্রান্ত হতে পারে।’

মৎস্য ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট লোকজনকে সঙ্গে নিয়ে বগুড়ার নির্বাহী হাকিম মোবাশ্বের আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চেলোপাড়া চাষিবাজারের সততা মৎস্য আড়তের মালিক আবদুল খালেককে ২৫ হাজার টাকা এবং ফতেহ আলী বাজারের মাছ ব্যবসায়ী হাবিবুর রহমান, হাবিল উদ্দিন ও আবদুল বাকীকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, কিছুদিন ধরে বাজারে গলদা চিংড়িতে কিছু অসৎ ব্যবসায়ী বিষাক্ত রাসায়নিক জেলি মেশাচ্ছেন। ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে চিংড়ি মাছের মাথায় জেলি দেওয়া হচ্ছে। এতে চিংড়ি ফুলে উঠছে। এক কেজি চিংড়ির ওজন বেড়ে দেড় কেজি পর্যন্ত হচ্ছে। এতে প্রতি কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মুনাফা করছেন অসাধু ব্যবসায়ীরা।

বগুড়ার আড়ত ও বাজারগুলোতে এ মাছ আসছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন চিংড়িঘের থেকে। খুচরা বাজারে প্রতি কেজি চিংড়ি প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। তবে রাসায়নিক পদার্থ মেশানোর ফলে ওজন বেড়ে যাওয়ায় বিক্রেতারা আরও কম দামে এসব চিংড়ি বিক্রি করেন।

 মিজানুর রহমান আরও বলেন, ‘এখন থেকে প্রতিনিয়ত বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ক্ষতিকর জেলি মেশানো চিংড়িসহ সব ধরনের রাসায়নিক মিশ্রিত মাছ বিক্রি বন্ধে আদালত পরিচালনাসহ অভিযান অব্যহত থাকবে।’

শাহিনুর ইসলাম নামের একজন ক্রেতা বলেন, এসব চিংড়ি খেয়ে পেটের পীড়াসহ নানা সমস্যা হচ্ছে।

 নাম প্রকাশে অনিচ্ছুক ফতেহ আলী বাজারের এক মাছ ব্যবসায়ী বলেন, জেলিমিশ্রিত এসব চিংড়ি খুবই নিম্নমানের। দক্ষিণাঞ্চলের ঘের থেকে আধা পচা ও মানহীন, খাবার-অযোগ্য এসব চিংড়ি সংগ্রহ করেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। এরপর সেখানকার আড়তেই ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে মেশানো হয় সিলিকা নামের রাসায়নিক জেলি।

বগুড়ার নির্বাহী হাকিম মোবাশ্বের আলম বলেন, বাজার থেকে কেনা গলদা চিংড়ি খেয়ে বগুড়া আদালতের একজন বিচারকসহ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মৎস্য ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট লোকজনকে সঙ্গে নিয়ে গতকাল অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাষিবাজারের পাইকারি আড়ত থেকে ৫০ কেজি এবং ফতেহ আলী বাজারের ব্যবসায়ীদের আরও প্রায় ১০ কেজি গলদা চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়। পরে ওই চারজনকে জরিমানা করা হয়।