মানব পাচার মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ থেকে মানব পাচার মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন অলি আহমদ (৪০) ও মোস্তাক আহমদ (৩০)। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ও পলাতক আসামি। আজ বেলা দুইটার দিকে পুলিশের একটি দল উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়া এলাকা থেকে অলি আহমদকে গ্রেপ্তার করে। অলি আহমদের বাড়ি ঘোলাপাড়া এলাকায়। তাঁর বিরুদ্ধে থানায় দুইটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। অন্যদিকে, বিকেল সাড়ে পাঁচটার দিকে সাবরাং হারিয়াখালী এলাকা থেকে মোস্তাক আহমদকে গ্রেপ্তার করা হয়। মোস্তাকের বাড়ি হারিয়াখালী এলাকায়। তাঁর বিরুদ্ধে থানায় তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁদের আগামীকাল বৃহস্পতিবার সকালে কক্সবাজার আদালতে পাঠানো হবে।