মানবপাচারের অভিযোগে ছয়জন আটক
মানবপাচারের অভিযোগে রাজধানীর মালিবাগ থেকে মেসার্স মাহবুব ইন্টারন্যাশনাল নামের একটি এজেন্সির চেয়ারম্যানসহ ছয়জনকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার বিকেলে তাঁদের আটক করা হয়।
র্যাব-৩ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই এজেন্সি থেকে এক হাজার পাসপোর্ট এবং বিদেশ পাঠানোর নামে প্রতারণার শিকার ছয়জনকেও উদ্ধার করা হয়েছে।
এএসপি সাইফুল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল তিনটার দিকে মালিবাগের ডিআইটি রোডে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আহমেদুর রহমানসহ কয়েকজন মানুষকে বিদেশ পাঠানোর নামে জাল ভিসা তৈরি করে দিতেন। বিদেশ পাঠানোর নামে কারও কারও কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। আবার অনেককে সেখানে আটকে রেখে মারধরও করা হতো। সাইফুল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।