মানব পাচারের দায়ে পাঁচজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব পাচারের অপরাধে রাজধানীর মতিঝিলের একটি দোকানের চারজনকে ছয় মাস ও একজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার বিকেলে ওই দোকানে অভিযান চালিয়ে র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলম এ দণ্ড দেন।
র‍্যাব-৩–এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল চারটার দিকে মতিঝিলের দৈনিক বাংলা মোড়ের টয়নবী সার্কুলার রোডে আলিফ কম্পিউটার নামের একটি দোকানে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে ২০টি জাল বিএমইটি কার্ড, তিনটি জাল পরিচয়পত্র, দুটি প্রিন্টার, একটি সিপিইউ, একটি স্ক্যানার, একটি মনিটরসহ পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন স্বপন মাহমুদ, কায়েস নুরুন্নবী, শফিউল্লাহ, কামরুজ্জামান ও ফখরুল ইসলাম। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা বিভিন্ন এজেন্সি থেকে অব্যবহৃত আসল বিএমইটি কার্ড সংগ্রহ করতেন এবং তার অনুকরণে জাল কার্ড তৈরি করে নিরীহ মানুষকে মালদ্বীপ, সুদান, লিবিয়াসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিলেন। এরপর ভ্রাম্যমাণ আদালত ফখরুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।