মানববন্ধন করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দুই পক্ষের মধ্যে গতকাল রোববার সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে আটজনকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম আলো, কালের কণ্ঠ ও ডেইলি সান-এর বিরুদ্ধে ঢাকার মিরপুরের সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদারের দায়ের করা মামলার প্রতিবাদে সাংবাদিকদের এক পক্ষ মানববন্ধন করায় এ সংঘর্ষের সূত্রপাত৷

প্রত্যক্ষদর্শীরা জানান, দায়ের করা মামলার প্রতিবাদে গতকাল বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জসীম রেজার নেতৃত্বে কয়েকজন সাংবাদিক। এতে যোগ দেন কয়েকজন প্রগতিশীল শিক্ষক। এই মানববন্ধন চলাকালে ব্যানার কেড়ে নেন সাংবাদিক সমিতির সভাপতি ও বিডি নিউজের প্রতিনিধি কাজী মোবারক।

পরে বেলা আড়াইটার দিকে সাংবাদিক সমিতির কার্যালয়ে কাজী মোবারকের নেতৃত্বে মানববন্ধনের পক্ষের সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রলীগের একদল কর্মী। তাঁরা সভাপতি শরিফুল ইসলামের পক্ষের বলে জানা গেছে। এর পরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সহকারী প্রক্টর কাজী মো. নাসিরউদ্দীন। এতে জসীম রেজাসহ তাঁর পক্ষের মানবজমিন-এ কর্মরত গোলাম মাওলা, জনকণ্ঠ-এর হাসান ইমাম, নিউ এজ-এর মো. বাপ্পি, সমকাল-এর এস এম আল-আমিন প্রমুখ আহত হন।

অন্যদিকে মোবারক, সকালের খবর-এর তানবির রায়হান, আলোকিত বাংলাদেশ-এর মনিরুজ্জামান ও বর্তমান-এর সুব্রত মণ্ডল আহত হন। তাঁদের সবাইকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।