মানববন্ধন, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ১০ দিন সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের কাচারিবাজারে প্রধান ডাকঘরের সামনের সড়কে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ গতকাল সাংবাদিক মশিউর রহমান ও যুবক হারুন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো
রংপুর নগরের কাচারিবাজারে প্রধান ডাকঘরের সামনের সড়কে রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ গতকাল সাংবাদিক মশিউর রহমান ও যুবক হারুন মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে l ছবি: প্রথম আলো

রংপুরে সাংবাদিক মসিউর রহমান (উৎস) ও যুবক হারুন মিয়ার হত্যাকারীদের ১০ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদ গতকাল সোমবার মানববন্ধন করে এ দাবি জানায়।

শহরের কাচারি বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর বিভাগ উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক ওয়াদুদ আলী। বক্তব্য দেন ভাষাসৈনিক মীর আনিসুল হক পেয়ারা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) নেতা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা লক্ষ্মীন চন্দ্র, সাংবাদিক আবু তালেব, নজরুল মৃধা, নিহত সাংবাদিক মসিউরের মা নূরজাহান বেগম, নিহত হারুনের মা পারভীন বেগম প্রমুখ।

বক্তারা আগামী ১০ দিনের মধ্যে এই দুই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। এ সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তাঁরা। সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

নিহত মসিউর রহমান রংপুরের স্থানীয় পত্রিকা যুগের আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন। গত বছরের ২৪ ডিসেম্বর তাঁকে হত্যা করে লাশ শেখপাড়া এলাকায় ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখে দুর্বৃত্তরা। আর শহরের বাবুপাড়া এলাকার যুবক হারুন মিয়া ২৩ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন অজ্ঞাত ব্যক্তিরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করেন। রাতেই তিনি মারা যান।